অনৈতিক ওয়েব কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থানে তথ্যমন্ত্রী

১৭ জুন, ২০২০ ১৯:৩৩  
অনৈতিক ওয়েব কনটেন্টের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন কঠোর অবস্থানের কথা জানান তিনি। সম্প্রতি ‘কিছু ওয়েবসিরিজের আপত্তিকর দৃশ্যাবলী’ নিয়ে প্রকাশিত প্রতিবেদন ও সুপ্রিম কোর্টের এক আইনজীবির আইনি নোটিশ বিষয়ক প্রশ্নের উত্তরে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত হওয়ার আগেও বিষয়টি আমাদের নোটিশে এসেছে এবং গ্রামীণ ও রবি দুটি মোবাইল ফোন কোম্পানির, দুটি সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে আপলোড করা এ ধরনের যে কনটেন্টগুলোর ব্যাপারে অভিযোগ এসেছে, তা আমরা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি কমিশন-বিটিআরসিকে জানিয়েছি। তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে এ ধরনের কনটেন্ট আপলোড করার আইনগত অনুমোদন আছে কি না, সেটি আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। আর যদি আইনগত অনুমোদন থাকেও, ভিডিও পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কনটেন্টগুলোর আইনভঙ্গ শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং সরকার এ ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তথ্য মন্ত্রী। তিনি বলেন,  ‘কোনোভাবেই এ ধরণের আপত্তিকর বা পর্নোগ্রাফির মতো কোনো কনটেন্ট আপলোড করা সমীচীন নয় এবং এটি ২০১২ সালে প্রণীত ভিডিও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। যারা এগুলো করেন তাদেরকে গ্রেপ্তার করা যাবে এবং সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড-এটি ভিডিও পর্নোগ্রাফি আইনে বলা আছে।’ তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও তথ্যসচিব কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।